শুনি হেমন্তের গান ………..অজয়ের কলতান
অজয় নদীর কবিতাগুচ্ছ-১৪২৮ (প্রথম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী

শুনি হেমন্তের গান অজয়ের কলতান
অজয়ের ঘাট সুশীতল,
নতুন সকাল হয় হিমেল হাওয়া বয়
কুলু কুলু বহে নদীজল।
সোনাঝরা রোদ ঝরে অজয়ের নদীচরে
শালিকের দল বসে থাকে,
দূরে আছে আমবন শাল পিয়ালের বন
অজয় নদীর আঁকে বাঁকে।
সারি সারি গরু গাড়ি দূরগাঁয়ে দেয় পাড়ি
অজয়ের ঘাট হয় পার,
বধূ সব দলে দলে জল নিয়ে বাড়ি চলে
কাঁটাঝোপ পথে দুইধার।
গাঁয়ে গাঁয়ে দীপ জ্বলে অঙ্গনে তুলসীতলে
জোনাকিরা আলো দেয় সাঁঝে,
অজয় তটিনী বয় মন্দিরে আরতি হয়
শঙ্খ ঘন্টা ঢাক ঢোল বাজে।
অজয় নদীর ঘাটে সূর্য যবে বসে পাটে
লাগে ভাল সোনালী আভায়,
নদী বহে কল কল নদীজল সুশীতল
হাসে ফুটফুটে জোছনায়।