মুক্তির স্বাদ

মুক্তির স্বাদ 
-বলরাম সরকার

সবুজ ঘাসের মাঠে বেড়ায় চড়ে গোরু এক পাল ;
গাছের শীতল ছায়ায় আছে বসে বালক রাখাল।
খালি পায়ে রোদে হেঁটে ক্লান্ত সে অতি ভারী ;
তাই শীতল ছায়ায় তার ঘুম এল তাড়াতাড়ি।
ঘুমের মাঝে স্বপ্ন দেখে 'হয়েছে সে এক পাখি ;  
উড়ছে সে নীল আকাশে কিচির মিচির ডাকি।
কর্তব্য আর মায়ার বাঁধন করেছে আজ ছিন্ন
ডানা দুটি তারে দিয়েছে মুক্তির স্বাদ, অনন্য।
উড়ে উড়ে ছোট্ট ডানায় এল ক্লান্তি, অবসাদ ;
কিছু পরেই মুছে গেল তার মুক্তি পাবার স্বাদ।
গাছের ডালে বসবে বলে তাকায় নিচু পানে
কিন্তু হায় ! ডাল কি রয় , মুক্তির উঁচু গগনে ?
অবসন্ন ডানা দুটির ঝাপট যেই না গেল থেমে
আকাশ থেকে পড়ে রাখালের ঘুম গেল ভেঙে ।
তাকিয়ে দেখে গাছের ডালে ভগ্ন-প্রায় এক বাসা; 
শালিক পাখি তার ছানারে ধান খাওয়াচ্ছে খাসা।

১৪|০৬|২০২০ (প: ব:/ ভারত )
0.00 avg. rating (0% score) - 0 votes