হঠাৎ এক ভোরে


হঠাৎ এক ভোরে তোলপাড় শুরু হয়ে গেলো সারা শহরে!
সাইরেন বাজিয়ে ছুটছে পুলিশের গাড়ি,
প্রচন্ড বাকযুদ্ধ চলছে চায়ের দোকান থেকে শুরু করে হাসপাতালের বেডে,
জজকোর্ট থেকে সুপ্রিমকোর্ট
স্কুল থেকে বিশ্ববিদ্যালয় কিংবা
ধানমন্ডি লেক থেকে রমনার সবুজ উদ্যান
সবাই জেনে গেছে-
সমগ্র শহরে প্রচন্ড গোলমাল পাকিয়ে
আশ্চর্য এক মায়াবী পাখির ডানার উপর ভর করে
আমরা দুজন পালিয়েছি।
কোথাও আমাদের খোঁজ নেই,
ঢাকা, সিলেট, চট্টগ্রাম, রাজশাহী অথবা খুলনা, রংপুর
কিংবা কোন ছোট্ট মফস্বলে-
নাহ! আমরা দুজন কোথাও নেই।
শহরের লাখো যুবকের হৃদয় ভেঙ্গে তুমি পালিয়েছো আমার হাত ধরে,
তাই সমস্ত ঢাকা শহর শোকে মুহ্যমান।
হঠাৎ এক ভোরে আমাদের পালিয়ে যাওয়ায়
হাজারও প্রেমিক যুগলের সাহস সঞ্চারিত হলো,
তুমি আর আমি উদাহরণ হয়ে গেলাম।
গ্রীষ্মের প্রচন্ড তাপদাহেও বসন্তের সুবাতাস বয়ে গেল তাদের মনে-
যারা প্রচন্ড প্রেমিক হয়ে উঠেছে এই শহরে,
যারা প্রেমিকার বাবার ভয়ে, ভাইয়ের ভয়ে
চোখে চোখ রাখতে ভয় পেত,
কিংবা ভালবাসার কথা বলার সাহস পেত না।
সবাই ভালবাসার কথা বলুক, ভালবাসুক প্রাণ খুলে,
সমস্ত প্রেমিক যুগল পালিয়ে যাক
ভালবাসায় ভরে উঠুক যান্ত্রিক শহর,
কেঁপে উঠুক সকল বাঁধার সা¤্রাজ্য
জোছনার আলোয় বানের মত ভেসে বেড়াক ভালবাসা,
শুভবুদ্ধির উদয় হোক তাদের মনে-
যারা ভালবাসতে জানেনা, মানতে জানেনা।

0.00 avg. rating (0% score) - 0 votes