পরিত্রাণ

আজি এ ঘাটে বসে, চেয়ে আছি অনিমেষ,
কালের স্রোতে ভাসে জীবন-তরীর রেশ।
প্রভাতের রক্তিম আভায় যে প্রাণ চঞ্চ ল,
সন্ধ্যা নামিলে কেন, রহে সে কেবল অচল?

ওহে কাণ্ডারী মোর, ভব-সাগরের কূলে,
এ নশ্বর প্রাণ কেন, রহে তব পথ ভুলে?
মুখে লয়ে নাম, জপি অনুক্ষণ,
তবুও কেন প্রভু, নাহি পাই দর্শন?
দীনহীন জেনে কি, করবে না পার?
কৃপা করো মোরে, ওহে কর্ণধার।

নয়নের পলকে কত আসে, কতই বা যায়,
রাজা ও ভিখারি সবে, একই পথে ধায়।
যাহারা নবীন, যৌবনের তেজ লয়ে,
তারাও তোমায় ছুঁয়ে, কালের তরী বেয়ে
পার হয়ে যায় মোর আগে, অলক্ষ্য পানে;
আমিই কেবল কেন, পড়িয়া রই এ মর্ত্য শ্মশানে?

এই কি বিধান তব, হে নির্মম বিধি?
দিয়েছ এ যাত্রা কেন, যদি না মিলিবো নিধি?
এ কি নিয়তি তবে, এ কি বিধাতার খেলা?
প্রেমের মরীচিকা লয়ে, কাটে কি শুধু বেলা?

আহা, এ হৃদয় মোর, কামনার জ্বালায় দগ্ধ,
তবুও কেন সে তব, করুণা হতে রুদ্ধ?
নাহি কি মুক্তি তবে, এ ঘোর কুয়াশা হতে?
নাহি কি পরশ তব, এ ধূলিময় পথে?

দিনের আলোতে যত, ছায়া ঘনাইছে ধীরে,
আমার এ পথচলা, নাহি হবে কি তীরে?
যখন নিভে আসে দীপ, যখন ফুরায় গান,
তখনও কি রবে তুমি, হে অনন্ত প্রাণ?
তোমারই চরণে, সঁপেছি এ প্রাণ,
কাটো এ মোহ ঘোর, করো পরিত্রাণ।
0.00 avg. rating (0% score) - 0 votes