আমিও মানুষ

আমিও মানুষ
-জিহাদ আমিন

আমিও মানুষ
সবার মত করে রক্তে মাংসে গড়া
এই দেহ আমার
আছে সবার মত স্বাধীন ভাবে
বাঁচার অধিকার,

সহ্য ধৈর্য্যের সীমানা পেরিয়ে
সকল বাঁধন ছিন্ন করে
সব জড়তাকে পিছনে ফেলে
গর্জে উঠতে চায় মন একবার।

দুই পায়ে পড়িয়েছো বেড়ি
প্রতিবাদ করতে গেলে মুখ করে দাও বন্ধ,
দু’চোখে দেখি সব কিছু
তবুও এই জগতে আমি অন্ধ।

হতে পারে আমি নই
তোমাদের মত এত জ্ঞানী গুনী,
বাঁচার জন্য নিজের অধিকার কতটা
তবে এইটুকু জানি,
আমার প্রাপ্ত অধিকার থেকে
কি করে বঞ্চিত করবে তুমি।

আমি চাই না
তোমাদের ধন সম্পতির বিশাল পাহাড়
বুঝিয়ে দাও তোমরা আমার ন্যায্য অধিকার,
সহ্য করতে করতে
বুকের ভিতর হয়েছে বিশাল ক্ষত
তোমরাই বলো ধৈর্য ধরবো আর কত।

পিছু হঠতে হঠতে
দেয়ালের সাথে ঠেকে গেছে পিঠ,
বুঝতে শিখেছি আজ আমি
কোনটা ঠিক আর কোনটা বেঠিক।

আমি চাই আমার অধিকার
নয়’তো লাথি মেরে গুড়িয়ে দিব
তোমাদের অত্যাচারের পাহাড়,
আমিও মানুষ
আমারও আছে বাঁচার অধিকার।।

0.00 avg. rating (0% score) - 0 votes