সম্পর্ক

আমি আর সে একই সমুদ্রের দু’টো ভাসমান দ্বীপের মত,
কখনো হই কাছাকাছি, কখনো ঢেউয়ের তালে যাই দূরে, তবু –
অদৃশ্য বন্ধনের টান অনুভুত হয়
আমাদের জলে ঘেরা অবয়ব ভাসে স্বপ্নবিহীন ঘুমের মত।
তবু ভালোবাসা থাকে ভালবেসে,
ভেসে, ডুবে, কখনো দুজনার শরীরের কাছ ঘেঁষে।

আমি আর সে দু’টো প্রদীপ যেন,
একই সলতেয় পুড়ছি দু’জন, ভিন্ন আলো ছড়িয়ে।
তবু ভালোবাসা থাকে আলোকিত হয়ে –
স্তিমিত, উদ্ভাসিত, কখনো বা দু’জনের হৃদয়ের বদ্ধ কুটিরে।

আমি আর সে দু’টো অনুভূতি যেন
একই হৃদয়ের অভিব্যক্তি আসে ভিন্ন শরীর ছুঁয়ে।
তবু ভালোবাসা থাকে রাগে, অভিমানে –
অশ্রু হয়ে ঝরে, কখনো বা আশায় বাঁধে বুক,
শব্দহীন হাসির ঝলকানিতে।

‘আমি আর সে’ শুধু একটি সম্পর্কের বসত
দু’টো সত্তাকে ঘিরে।
তবু ভালোবাসা থাকে শর্তহীন প্রহরীর মত,
ছুটে আসে আহ্বানে দিবা-রাত্রির যে কোন প্রহরে।

0.00 avg. rating (0% score) - 0 votes