পৌষ পার্বন মকর সংক্রান্তি …….. ঘরে ঘরে পিঠেপুলি
অজয়ের ঘাটে সবাকার আহ্বান- এসো পৌষ যেও না।
তথ্যসংগ্রহ, সম্পাদনা ও কলমে – লক্ষ্মণ ভাণ্ডারী
বাংলায় পৌষপার্বণের প্রধান অঙ্গ হল পিঠে খাওয়া। এই সময়ে নতুন ধানের পাশাপাশি বাংলার গ্রামে গ্রামে খেজুর গাছে রস আসে, তৈরি হয় নতুন গুড়, খেজুর গুড়। তাই নতুন চালের গুঁড়ো, নতুন গুড়, নারকেল আর দুধ দিয়ে তৈরি করা হয় নানা ধরনের পিঠে। তাই পৌষপার্বণের আরেক নাম পিঠেপার্বণ।
রাত পোহালেই মকর সংক্রান্তি। চলবে সাগরসঙ্গমে পুণ্যস্নানে। শুধু গঙ্গাসাগর কেন, কলকাতা, হরিদ্বার, প্রয়াগ, বারাণসী-সহ গঙ্গাতীরবর্তী সব শহরেই চলবে এই স্নান। লাখ লাখ মানুষ গঙ্গাস্নান করে পুণ্য অর্জন করবেন। মকর সংক্রান্তিতে নাকি ‘গঙ্গাস্নান’ করতে হয়, ব্রাহ্মণ্যতন্ত্রের এই বিধান। কিন্তু যেখানে গঙ্গা নেই, সেখানে? সেখানকার মানুষ কি এই পুণ্য থেকে বঞ্চিত থাকবেন? না, তাঁদেরও উপায় আছে। নিয়ম আছে, নিয়মের ব্যতিক্রমও আছে। ব্রাহ্মণ্যতন্ত্রেরই বিধান, গঙ্গা নেই তো কী! স্থানীয় যে কোনো নদী, খাল এমনকি জলাশয়কে গঙ্গা ভেবে নিয়ে ডুব দাও। পুণ্যার্জন হয়ে যাবে। তাই ডুব দে রে মন গঙ্গা বলে।
মকর সংক্রান্তি কী? সাধারণত ১৪ জানুয়ারি বা তার আশেপাশের কোনো একটি দিনে এই তিথি আসে। বঙ্গাব্দ অনুসারে পৌষ মাসের শেষ দিনটিতে মকর সংক্রান্তি পালিত হয়। রাশিচক্রের বিচারে সূর্য এই তিথিটিতে মকর রাশিতে প্রবেশ করে। আসলে এই দিনটির সঙ্গে আরও অনেক কিছু জড়িয়ে আছে। এই সময়েই ঘরে ঘরে নতুন ফসল ওঠে। এই সময় থেকেই সূর্যের উত্তরায়ণ শুরু হয়। শীতের জড়তা কাটতে শুরু করে।
ভারতীয় সংস্কৃতির বিস্তার ঘটেছিল পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে। সেই ঐতিহ্যের ধারা আজও বহমান। তাই মকর সংক্রান্তিতে তাইল্যান্ডে পালিত হয় ‘সোংক্রান’, কাম্বোডিয়ায় ‘মোহা সোংক্রান’, মায়ানমারে ‘থিংইয়ান’ আর লাওসে উদযাপিত হয় ‘পি মা লো’ উৎসব। এ ছাড়াও যে সব দেশে ভারতীয়রা চালান হয়েছেন বা সাগরপাড়ি দিয়েছেন, যে সব দেশে ভারতীয়রা সংখ্যায় বেশ বড়ো গোষ্ঠী, সেখানেই পালিত হয় এই মকর সংক্রান্তির উৎসব।
তামিলনাড়ুর পোঙ্গল উৎসবেও সূর্যের আরাধনা করা হয়। কৃষিকাজে শক্তি সরবরাহ করেন সূর্যদেব। তাই তাঁর আরাধনা। চার দিনের উৎসব। গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুসারে কখনও ১৩ জানুয়ারি থেকে ১৬ জানুয়ারি কখনও বা ১৪ থেকে ১৭ জানুয়ারি পর্যন্ত এই উৎসব চলে। আসলে তামিল মাস মারগাঝির শেষ দিন থেকে পরের মাস থাই-এর তৃতীয় দিন, এই চার দিন ধরে চলে উৎসব। তামিল ক্যালেন্ডারের দশম মাস ‘থাই’। আর ‘পোঙ্গল’ মানে উৎসব। অবশ্য ‘পোঙ্গল’ শব্দের যথাযথ অর্থ হল ‘প্রাচুর্য’ বা ‘উপচে পড়া’। ‘পোঙ্গল’ একটি খাওয়ার পদও — চাল, মুগ ডাল, দুধ, ছোট এলাচ, কিসমিস, তালের গুড় দিয়ে তৈরি মিষ্টি পদ। সুসজ্জিত রঙিন মাটির পাত্রে সূর্যালোকে খোলা উঠোনে ‘পোঙ্গল’ তৈরি করে সূর্যকে নিবেদন করে ওই দিন খাওয়া হয়।
চারদিনব্যাপী উৎসবের প্রথম দিনকে বলা হয় ‘ভোগী’। পঞ্জাবের ‘লোহরি’ বা অসমের ‘ভোগালি বিহুর’ মতোই ওই দিন ভোরে কাঠকুটো জড়ো করে আগুন জ্বালিয়ে সেই আগুনে পুরোনো বাতিল জিনিসপত্র আহুতি দেওয়া হয়। জীর্ণ পুরোনোকে বিসর্জন দিয়ে নতুনকে আহ্বান। বাড়ি রঙ করা হয়, সাজানো হয়। অন্ধ্রেও এই দিন ওই উৎসব পালন করা হয়, নাম ‘ভোগী পাল্লু’।
দ্বিতীয় দিন পালিত হয় মূল উৎসব ‘থাই পোঙ্গল’। ওই দিন একটি পাত্রে দুধ ফোটানো হয়। দুধ যখন উথলে ওঠে তখন তাতে নতুন চাল ও অন্যান্য সামগ্রী দেওয়া হয়। সবাই তখন শাঁখ বাজিয়ে ‘পোঙ্গালো পোঙ্গল’ বলে চিৎকার করে ওঠে। সবাই বলে ওঠে ‘থাই পিরান্ধাল ভাড়ি পিরাক্কুম’ (থাই মাসের সূচনায় নতুন সুযোগসুবিধার পথ প্রশস্ত হোক)। এ বার বড়া, মুরুক্কু আর পায়সমের সঙ্গে সেই ‘পোঙ্গল’ পদ বিতরণ করা হয়। কলাপাতা আর আম্রপল্লব দিয়ে ঘরদোর সাজানো হয়। কোলম তথা আলপনা আঁকা হয় প্রতিটি বাড়িতে।
পোঙ্গল।
তৃতীয় দিন পালিত হয় ‘মাতু পোঙ্গল’। এই দিনে স্নান করে ঘরের গবাদি পশুদের মালা পরানো হয়। শিং আঁকা হয়, মাথায় সিঁদুর, তেল, কুমকুম পরানো হয়। খাওয়ানো হয় পোঙ্গল, তালের গুড়, মধু আর কলা। সন্ধ্যায় গণেশের পূজা করা হয়। এই দিনেই রাজ্যের ঐতিহ্যবাহী ‘জাল্লিক্কাট্টু’ তথা ষাঁড়-মানুষে লড়াই হয়।
শেষ দিনে ‘কানুম পোঙ্গল’। এটা অনেকটা বাঙালির বিজয়ার মতো। আত্মীয়স্বজন, বন্ধুবান্ধবদের মধ্যে দেখা সাক্ষাৎ হয়, শুভেচ্ছা বিনিময় হয়, উপহার বিনিময় হয়, খাওয়াদাওয়া হয়।
অন্ধ্রে এই দিনটি পালিত হয় ‘মুক্কুনুমা’ নামে। এ দিন গোধনের পূজা করা হয়। আমিষভোজীরা এই দিনটি সাড়ম্বরে পালন করে। কারণ মকর উৎসবের প্রথম তিনটি দিন নিরামিষ দিবস, তাই শেষ দিনে আমিষ খাওয়ার রেওয়াজ।
এই শীতেই ওঠে তিলের ফসল। আর আখের গুড়ও মেলে প্রচুর। তাই ভারতের বিস্তীর্ণ অঞ্চলে মকর সংক্রান্তিতে তিলের নাড়ু খাওয়া রেওয়াজ। গুড় দিয়ে তৈরি এই নাড়ু বিলি করাও হয় এই উৎসবে। মহারাষ্ট্রে তো তাই এই উৎসবের নাম ‘তিলগুল’। বাড়িতে অতিথিদের তিলের নাড়ু দিয়ে বলা হয় ‘তিলগুল ঘায়া, গোড় গোড় বলা’ (তিলনাড়ু খাও, আর মিষ্টি মিষ্টি কথা বলো’)।
পৌষ পার্বন মকর সংক্রান্তি …….. ঘরে ঘরে পিঠেপুলি
এসো পৌষ যেও না ( পৌষপার্বনের কবিতা-১)
কলমে- লক্ষ্মণ ভাণ্ডারী

ঘরে ঘরে পিঠেপুলি ভারি ধূম-ধাম,
পিঠেপুলি উত্সবে মেতে উঠে গ্রাম।
গুড় পিঠা, তিল পিঠা নারিকেল আর,
সরা পিঠা, বাটি পিঠা হরেক প্রকার।
ধন্য ধন্য পল্লীগ্রাম ধন্য সব চাষী,
দুধ দিয়ে পিঠা সবে খায় রাশি রাশি।
খেজুর গুড়ের গন্ধ ভাসে চারপাশে,
বাড়ি বাড়ি থেকে কত নিমন্ত্রণ আসে।
পিঠে খায় বলে লোকে সব খায় মুখে,
তিল ছাঁই, চাঁছি দিয়ে খাই কত সুখে।
পৌষ মাস সংক্রান্তি মকর পরব,
শান্তিকেতনের পৌষমেলা উত্সব।
জয়দেব কেন্দুলির মেলা বসে ভাই,
এস ভাই সবে মিলি নদীঘাটে যাই।
