গাঁয়ের টান মাটির গান গীতিকবিতা-১০

গাঁয়ের টান মাটির গান
গীতিকবিতা-১০

গাঁয়ের টান মাটির গান
মাটির গানের সুরে,
আমার গাঁয়ে সবুজ ছায়া
সারা গ্রামখানি জুড়ে।

প্রভাত হলে তরুর শাখে
প্রভাত পাখিরা গায়,
পূর্ব দিশায় সোনার রবি
সোনালী রং ছড়ায়।

গাঁয়ের মাটি সুখের স্বর্গ
মাটির পরশ পেয়ে,
চাষীরা মাঠে লাঙল চষে
বাংলার গান গেয়ে।

গাঁয়ের মাঝি নৌকা চালায়
ভাটিয়ালি গান গায়,
তরুর ছায়ে বেণু বাউল
সুর বাঁধে দোতারায়।

গাঁয়ের মাটি স্বর্গ আমার
স্মৃতিবিজড়িত মায়া,
দুইধারে পথে সবুজ তরু
আছে সবুজের ছায়া।

0.00 avg. rating (0% score) - 0 votes