গাঁয়ের কবিতা মাটির গান কবিতা-৯
-লক্ষ্মণ ভাণ্ডারী
ও মন মাটি খাঁটি মাটি সোনা
মাটির পরশ লাগে,
মাটিতে ফলে সোনার ফসল
হৃদয়ে পুলক জাগে।
এই মাটিতে লাঙল চালায়
গাঁয়ের কিষাণ ভাই,
তারই শ্রমের বিনিময়ে মোরা
মাটিতে ফসল পাই।
মাটির নীচে কয়লার খনি
আঁধার যেথায় সাথী,
শ্রমিক তথায় গায়ের জোরে
মারে শাবল গাঁইতি।
মাটির মানুষ মাটির ঘরে
মাটির পরশ পেয়ে,
মাটির টানে গাঁয়ের বাউল
পথে চলে গান গেয়ে।
গাঁয়ের মাটি স্বর্গ আমার
আছে সুখের আলো।
মাটি আমার সুখের সাথী
তাই মাটি বাসি ভালো।
