বৃষ্টি কাব্য দ্বিতীয় খণ্ড বৃষ্টি কবিতা-৬

বৃষ্টি কাব্য দ্বিতীয় খণ্ড
বৃষ্টি কবিতা-৬
-লক্ষ্মণ ভাণ্ডারী

আকাশ ঘিরে কালো মেঘের
গুরু গম্ভীর গর্জন,
সকাল হতে নেমেছে আজ
অতি প্রবল বর্ষণ।

অজয় নদে এসেছে বান
বইছে প্রবল ঢেউ,
ছাড়েনি নৌকা গাঁয়ের মাঝি
নাই আজ কূলে কেউ।

বর্ষায় ভিজে রাঙী গাইটি
ঘন ঘন ডাক ছাড়ে,
মরাল আসে মরালী পাশে
নয়ন দিঘির পাড়ে।

বর্ষায় ভিজে ইস্কুলে যায়
এ গাঁয়ের যত ছেলে,
বর্ষায় আজ ময়ুরী নাচে
আপন পেখম মেলে।

বর্ষার দিনে গাঁয়ের চাষী
লাঙল চালায় মাঠে,
বৃষ্টিতে ভিজে লাঙল চষে
সারাদিন মাঠে কাটে।

সকাল হতে বর্ষা নেমেছে
জল ঝরে অবিরাম,
ভেঙেছে বাঁধ ঢুকছে জল
কেঁদে ওঠে সারাগ্রাম।

0.00 avg. rating (0% score) - 0 votes