ঘুম চাই
✍ বলরাম সরকার
——————————-
“ঘুম আছে না কি ? ও দোকানি ?
কতকাল আমি শান্তিতে ঘুমাই নি ।”
পাগলের আজব কথা শুনে ,
দোকানি হাসে শুধু মনে মনে ।
বলে ,”এ দোকানে ঘুম টুম নাই ।
পেতে পারিস ,তবে যা ও পাড়ায়।”
পথে যেতে- যেতে দেখে, আসে
ইস্কুল মাস্টার। পাগল বলে হেসে,
“মাস্টার, বলো ঘুম পাবো কোথা ?
তোমার আছে তো পড়ায় খুব মাথা !”
“জানলে বেশি – ঘুম হয় কম ,
মনের অশান্তি ঘুমের হল যম।”
এসব কথায় পাগল মাথা চুলকায় ;
কিছু না বলে সে আপন পথে যায়।
গিয়ে দেখে বটতলে কালো কোট পড়ে,
উকিল আছে বসে ,খদ্দেরের তরে ।
“ঘুমের কেস লড় নাকি ? আমার যে ঘুম চাই
লাল চোখে বলে পাগল ,”ওহে উকিল ভাই ।”
“ঘুমের কেসের ফয়সালা হয় কি কোনো কোর্টে?
তুমি তো দেখি , আচ্ছা পাগল আছো বটে। “
হতাশ হয়ে পাগল খুড়ো, হেঁটে চলে আবার ;
পথের পাশেই দেখে আছে ডাক্তারের চেম্বার।
“ঘুম দাও ডাক্তার। ঘুমের ওষুধ দাও তুমি ।
দেখ চেয়ে কতকাল আমি শান্তিতে ঘুমাইনি।”
“এই নাও বড়ি । এটা খেলে ঘুম হবে রাতে। “
“আচ্ছা,বড়ি খেলে ঘুম আসবে কি শান্তিতে?”
“তুমি দেখি পাগল ,চালাক ও অতি ভারী।
ঘুমের সাথে সাথে, চাও মনের শান্তি ফ্রি ?”
যাও চলে। শান্তি-ঘুমের বড়ি নাই এখানে ।”
পাগল বেটা আজও ঘোরে, ঘুমের সন্ধানে।