চরণ-ধূলি

চরণ-ধূলি
-বলরাম সরকার
★★★★★★★★★★★★★★
শ্বেত  পাথরের   মেঝে   কহে পাথরের
মূর্তিরে, “গড়েছে   অতি   যতন  করে –
তোমারে ও আমারে ,একই শিলা হতে।
তবে ,বিভেদ কেন মোদের কপালেতে?
পূজা  পেয়ে তুমি  হলে  ‘ভগবান’ ! আর
মোরে ধুলা পায়ে মাড়ে, করে অসম্মান?”
স্মিত  হেসে  তখন , দেব- মূর্তি  করেন-
প্রবচন , ” ওগো,  অভিমানী   ধরারানী,
পুন্য- বতী  তুমি ; বহিছ জগতের ভার ।
মূর্তি  আমি, না  করি  কাহার  উপকার !
জগৎ-সংসারে , কত কি  পাওয়ার তরে
লোকে পূজা করে ;বলে আমি  ‘ভগবান’।
এ বন্ধন  হতে  মোর  নাই  ‘পরিত্রান’ !
আর ,  আপন   বক্ষ – মাঝার,   সর্বক্ষণ,
তুমি , লাখ  চরণ – ধূলি   করিছ  গ্রহণ।
এ  সংসার – বন্ধন , এ  ভব – পারাবার
হতে  উদ্ধার ,বল, ‘আর  কি  প্রয়োজন’?

0.00 avg. rating (0% score) - 0 votes