রূপান্তর
-বলরাম সরকার
————————————–
নির্জন দেব মন্দিরে , পাথরের মেঝে
কহে দেব-মূর্তিরে ,”একই শিলা হতে
জনম নিয়েছি দুইজনে; তবু এজগতে
লোকে কেন শুধু তোমারে প্রণাম করে,
আমারে অহরহ ধুলা-পায়েতে মাড়ে?”
স্মিত হেসে দেবমূর্তি করেন প্রবচন ,
“আমার মতন, সয়েছ কি কভু তুমি
চোখে, মুখে,কানে,বুকে লক্ষ কোটি বার
হাতুড়ি- ছেনির প্রহার ? মৃদু আঘাতে
পড়েছিলে ভেঙে; পড়ে কি সেকথা মনে?
তোমার মতন আমার মনে ,নাই কোনো
ক্ষোভ হেন। আমি কৃতজ্ঞ, আমি তো ধন্য,
আঘাতে আঘাতে শিলা হতে, যিনি মোরে
তুলেছেন গড়ে, দেবতা; তিনি ই প্রণম্য !”