বিশ্ব মা দিবসের কবিতা
-লক্ষ্মণ ভাণ্ডারী
আজি বিশ্ব মা দিবসে বিশ্ববাসীগণ,
ভক্তিভরে করো পূজা মায়ের চরণ।
বিশ্বমাঝে নারী জাতি মায়ের সমান,
মাতৃজ্ঞানে করো পূজা করহ সম্মান।
মা ভক্ত বিদ্যাসাগর দামোদর জলে,
ঝাঁপ দিয়ে পার হন মাতৃ কৃপাবলে।
ভক্তি ভরে মাতৃ পূজা করে যেইজন,
রণে বনে জলে স্থলে জয়ী সেইজন।
শোন শোন বিশ্ববাসী আমার বচন,
জননীরে করো পূজা জননী-নন্দন।
মাতৃপূজা কর সবে কহিলাম সার,
অনন্ত অসীম মাতৃ স্নেহ পারাবার।
করো সবে মাতৃপূজা মায়ের সন্তান,
কবিতায় গাহে কবি মাতৃ জয়গান।
