এ কবিতা তোমার জন্য

এ কবিতা তোমার জন্য
             -বলরাম সরকার
>>>>>>>>>>><<<<<<<<<<<<
এ কবিতা তোমার জন্য-
যে তুমি, আঁধারে লুকিয়ে রাখ মুখ
ভাব বসে এ জীবনে ভরা শুধুই দুখ ;
ভাবছ, জীবন বড় নগণ্য।

এ কবিতা তোমার জন্য-
যে তুমি, বড়োর কাছে আঘাত পেয়ে
কেঁদে কেঁদে খিদে পেটে যাও ঘুমিয়ে;
ভাবছ, জীবন অতি জঘন্য।

এ কবিতা তোমার জন্য-
যে তুমি, লুকাও কালো দাগ গুলো,
যেখানে ছোঁয় নোংরা মানুষ গুলো ;
ভাবছ, জীবন খুবই ঘৃণ্য।

এ কবিতা তোমার জন্য-
যে তুমি, আঘাত পেয়েছ ভালোবেসে
জেগেই  কাটাও রাত  ভিজে বালিশে ;
আর করছ বাঁচায় কার্পণ্য।

এ কবিতা তোমার জন্য-
যে তুমি, কাঁদছ বসে ঘরের কোণে
ভাবছ, কি পেলে স্নেহের প্রতিদানে;
জীবন অঙ্কে পেলে শূন্য ।

তুমি নাকি পেয়ে গেছ না বাঁচার কারণ!
জীবনের বাকি উপভোগ করেছ বারণ!
জীবন না কি সবই বৃথা !
তোমার জন্য এই কবিতা।
জগত মাঝে, তোমার ও আছে স্থান ;
তুমি সুন্দর, তুমি খাঁটি, তুমিও মহান।
ছোট-বড়, নারী-পুরুষ, হোক যে কোনো জাতি,
এ জগত ও তোমাকে চায়, তুমি মূল্যবান অতি।
ভাবো না একবার, তুমি তার চেয়ে কত ভালো,
যে তোমার নরম মনে, দিয়েছে আঘাত গুলো।
দুখের পরে সুখ আসে, এ কথা সবাই জানে ;
তুমি, খুঁজে দেখ জীবনের কত আছে মানে !
জীবন তো একটাই, তুমি আর পাবে না ফিরে!
বাঁচ না হয় আর একবার, শুধুই নিজের তরে।

0.00 avg. rating (0% score) - 0 votes