বিশ্ব কবিতা দিবস
লক্ষ্মণ ভাণ্ডারী
বিশ্ব কবিতা দিবসে আজিকে কবিতারা ঝড় তুলে,
কান্না ঘাম আর রক্তে ভেজা নীরব অভিমান ভুলে।
কবিতার ব্যথা বোঝে নাকো কেহ চক্ষে অশ্রুজল,
পোড়া রুটি আর পান্তা ভাত খায় গাছতলা সম্বল।
অনাহারী যত ক্ষুধিতের দল কবিতার পাতায় এসে,
কবিতার ঝুলি কাঁধে নিয়ে দিন কাটায় কায়ক্লেশে।
কবিতার পাতায় বন্দী যারা কবে পাবে ওরা ছুটি?
ক্ষুধার অন্ন পায় নাকো তারা পায় না একটি রুটি।
কবিতারা আজ মাঠে মাঠে, রোদে জলে করে চাষ,
কলকারখানায় হাতুড়ি চালায় খেটে খায় বারোমাস।
কবিতার পাতায় বিদ্রোহ আজ বিদ্রোহ দিকে দিকে,
পূর্ব গগনে হাসিছে অরুণ লাল আগুনের রং মেখে।
সারা বিশ্বের যারা কবি আজ সবারে করি আহ্বান,
মানুষেরে ভালবাসো আজি, গাও মানুষের জয়গান।
