স্মৃতির পেয়ালা হাতে

স্মৃতির পেয়ালা হাতে
********************

আজ আকাশটা তোমার চুলের মতো মেঘলা ——-

বারান্দা ছুঁয়ে থাকা বৃষ্টিমেদুর উঠোনে
কয়েকটা দাঁড়কাক, সিক্ত শালিক,
বৃষ্টিভেজা কয়েক কুচি জল, আর
তোমার পাশ কাটিয়ে চলে যাওয়ার গন্ধ মাখা মন কেমন।

ইজি চেয়ারে দেহটা বসিয়ে
আমি দু’হাত দিয়ে স্মৃতি কুড়িয়ে রাখছি।
আকাশটা দেখলে মনে হচ্ছে এই বুঝি তোমার
সদ্য ধোওয়া চুল থেকে লক্ষ লক্ষ মুক্তোর মতো
টপকে পড়বে জল বিন্দু।
এই বুঝি, এইমাত্র ———

ভাবছি,
মেঘমনা সকালটাও তোমারই মতো,
কখনো বৃষ্টিজল, কখনো চোখ ছলছল,
আর কখনো বা একটু রোদ ——-

উফফ, তখন কেন বুঝিনি,
জানোই তো, আমি চিরকাল এমনিই অবোধ —–

0.00 avg. rating (0% score) - 0 votes