মা’য়ের জন্য মন কাঁদে

মা’য়ের জন্য মন কাঁদে /// শফিক তপন

————————

তোমায় মনে পড়ে মাগো তোমায় মনে পড়ে

ঘুম নেই আঁখি পাতে ভাবি সারা নিশি ধরে । 

তোমার আশীষ নিয়েই মাগো থাকি ভালো,

তোমার জন্য জেগে আছে এপ্রাণের আলো ।

 

মাগো আমি কতদিন দেখিনা তোমার মুখ

তোমার কথা মনে হতেই ধকধক করে বুক ।

তোমার বাড়ী আমার বাড়ী থেকে বহু দূরে,

তোমার জন্য যে এ মনটা সব সময়ই পুড়ে ।

 

তোমার স্নেহ আদরে এ বুকটা থাকত ভরে,

আজ সবকথা মনে হলে মনটা কেমন করে ।

মাগো তোমার হাজার স্মৃতি এ বুকের মাঝে,

আমার সাথে কথা কয় সকাল দুঁপুর সাঁঝে ।

  

তোমার হাতের রান্না খেতে কত তার স্বাদ,

পোলাও খাচুরি করলা ভাজি ও ভর্তা ভাত ।

তুমি তো রয়েছ সর্বদা আমার আঁখি পাতে ।

যেখানেই যাই তুমি যে আছ আমারই সাথে ।

 

তোমার সে মুখ খানি ভাসে চোখের তাঁরায়,

তখনই এ মনটা শুধু তোমার কাছে হারায় ।

মনে পড়ে মাগো তোমায় খুব খুব মনে পড়ে,

তোমার জন্য ব্যথায় আমার এ বুকটা ভরে ।

 

আমার বুকটা তোমার জন্য করে হাহাকার,

চোখ দুটো নীরবে জলে ভরে উঠে বারবার ।

মাগো তুমি জান মনটা কাঁদে তোমার জন্য,

তোমার জন্য কেঁদেকেঁদেই আমি আজ ধন্য ।

 

রক্তের প্রতিটা কণিকা তোমায় খুঁজে ফিরে,

তোমার মায়া সারাক্ষণ আমায় রাখে ঘিরে ।

কভু ভুলতে পারিনা তোমার মায়ার বাঁধন,

তুমিকি শুনতে পাও এ ব্যকূল মনের কাঁদন ।

———————-

১৩ই মার্চ ২০১৭ইং

 

 

0.00 avg. rating (0% score) - 0 votes